দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী সাংবাদিকদের দায়িত্বপালনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তবে নারী সাংবাদিকদের শালীনতা বজায় রেখে শরিয়াহ মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘আমার কোন বোন যদি সাংবাদিকতা করতে চান, সেটা তিনি করতে পারেন। আমরা বাধা দিচ্ছি না। তবে তা শরিয়াহসম্মতভাবে করতে হবে। আর যদি তিনি শরিয়াহ পালন না করেন, তবে আমাদেরকে শরিয়াহ পালনের সুযোগ করে দেবেন।’
কেউ শরিয়াহ না মানলে অন্যকেও তা মানতে বাধা দেওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সাংবাদিক বোনদের উচিত, তিনি যদি শরিয়ত না মানেন, তবে আমাকে সেটা মান্য করার সুযোগ করে দেবেন। এটা তার অধিকার। কিন্তু আমার বোনের অবশ্যই উচিত না যে, তিনি শরিয়ত মানেন না, তাই আমাকেও মানতে দেবেন না। এরকম প্রবণতা উচিত না। তাই কোনো নারী সাংবাদিক যদি (ইসলামী আন্দোলনের প্রোগ্রামে) আসেন, আমরা চাইব তিনি শরিয়াহ সম্মতভাবে আসবেন।’
সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।’
হেবার অপব্যবহার রোধ এবং বাবা-মাকে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন থাকলেও শরিয়াহ লঙ্ঘন করে তা করা যাবে না বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষে ওলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে পরামর্শ করে আইনটিতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য অবিলম্বে উদ্যোগ নেওয়ার দাবি জানান মুফতি ফয়জুল করীম।
এমএম/